শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2025, 10:24 রাত • 295 বার পঠিত
বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

পাকিস্তানের শীর্ষস্থানীয় কোম্পানি এনগ্রো হোল্ডিংস বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা করতে এনগ্রোর সিইও আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে এনগ্রোর সিইও বলেন, ‘আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।’ 

প্রধান উপদেষ্টা ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বিনিয়োগে টেকসই ও দূরদর্শী সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোনিবেশের আহ্বান জানান, যা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

আবদুল সামাদ দাউদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই চার দিনব্যাপী সম্মেলনের উষ্ণতা, আন্তরিকতা ও উদ্দেশ্যমূলক আয়োজন সম্পর্কে প্রশংসা করেন এবং বলেন, “এক ছাদের নিচে এত শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে আমি অভিভূত।”

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতৃবৃন্দকে ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আপনাকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বিশ্ববাসীর কাছেও বাংলাদেশের অনেক কিছু দেওয়ার আছে।’ 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী।