বাংলাদেশে অবকাঠামো উপ-প্রকল্পের জন্য ঋণ অনুমোদন করেছে এডিবি
বাংলাদেশে অবকাঠামো উপ-প্রকল্পের জন্য পাঁচ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় দেয়া এ ঋণ বাংলাদেশি মুদ্রায় ৪২৫ কোটি টাকা। এডিবির এ ঋণ সরকারি সংস্থাগুলোকে পিপিপির অধীনে অবকাঠামো উপ-প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করবে। এডিবি’র ঢাকা অফিস থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সক্ষমতা জোরদারে এই ঋণ সহায়তা করবে। অবকাঠামোগত প্রকল্পগুলোকে স্থানীয় মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ দেয়ার জন্য সরকার এটি প্রতিষ্ঠা করেছে। পিপিপি কর্মসূচিকে সহায়তা ও পাইপলাইনে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে বিআইএফএফএল’র দীর্ঘদিনের অংশীদার এডিবি।
এদিকে বাংলাদেশকে লেনদেনের পরামর্শদাতা হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সহায়তা করছে এডিবি। এছাড়া পিপিপি আইন ও পিপিপির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতেও সংস্থাটি সহযোগিতা করেছে।