শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মে 2026, 10:03 দুপুর • 109 বার পঠিত
বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশই ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। বাংলাদেশে ঈদ কবে, এ নিয়েও চলছে আলোচনা।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

সংযুক্ত আরব আমিরাতও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৮ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ মে।