বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’
বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। আজ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেছেন, অশনি নামের ঘুর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা, পশ্চিম বাংলা হয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাংবাদিকদের ঘুর্ণিঝড় অশনি সম্পর্কে জানান। এর পাশাপাশি অবশ্য তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেছেন।
ডা. এনামুর রহমান বলেন, গতকাল জানতে পেরেছি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করেছে। যেটা ৯ মের মধ্যে হয়তো লঘুচাপে রূপান্তরিত হবে। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপ বা লো প্রেসারের রূপ ধারণ করবে।
তিনি জানান, ১১ মের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় হলে সেটির নামকরণ করা হবে অশনি। এর ল্যান্ডফল এখনও ক্যালকুলেশন হয়নি। নিম্নচাপ ও ঘুর্ণিঝড় সৃষ্টির পর বিস্তারিত জানতে পারবেন বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঘুর্ণিঝড়ের ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে তারা প্রয়োজনে দিয়ে দেবেন।