বাংলাদেশ-ভারত সীমান্তে আটকা পড়েছে কয়েক হাজার ভারতীয় নাগরিক
করোনা ভাইরাসের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকা পড়ে আছেন। এরা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাংলাদেশে কাজ করতেন।
বিশেষ পারিবারিক প্রয়োজন এবং অসুস্থতার মতো কারণ ছাড়া স্থল সীমান্ত দিয়ে এখনো ভারতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আবার ঢাকা থেকে বিমানে করে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর যে ব্যবস্থা করেছিল দিল্লি, অর্থনৈতিক কারণে তারা সেই সুযোগও নিতে পারছেন না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, বেনাপোল এবং বাংলাবান্ধা– শুধু এই দুটি সীমান্ত অঞ্চলেই প্রায় আড়াই হাজার ভারতীয় নাগরিক আটকিয়ে আছেন। এরা প্রায় সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বেনাপোল থানার ওসি জানিয়েছেন, ভারতীয় ইমিগ্রেশন বিভাগ এদের গ্রহণ করছে না এখনো। নিয়মিতই এইসব আটকে পড়া মানুষ তার কাছে আসছেন, বা ফোন করছেন। তবে এদের আটকে পড়ার কারণটা স্পষ্ট করে কোনও সরকারের তরফেই জানানো হয় নি। এবিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গ সরকার- উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি এখন পর্যন্ত।
আবার ভারতে যেসব বাংলাদেশী নাগরিক আটকা পড়ে ছিলেন, তাদের নিজের দেশে ফিরে যেতে দেয়া হচ্ছে। কিন্তু ভারতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।