বাংলাদেশ থেকে আসা ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করল ইটালি
বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার৷ বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে কর্তৃপক্ষ ৷ সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৷ এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ৷ বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ৷
বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৷ তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি ৷ এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি ৷” বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন ৷ এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে ৷
এদিকে ১ জুনের পর বাংলাদেশ থেকে আসা সব নাগরিককে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রোমের স্বাস্থ্য কর্তৃপক্ষ ৷ লাৎসিও রাজ্যে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি ৷