শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ-মেক্সিকো অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

মোহাম্মদ খাইরুল আমিন • 26 সেপ্টেম্বর 2023, 03:39 দুপুর • 357 বার পঠিত
বাংলাদেশ-মেক্সিকো অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি রাকেল বুয়েনরোস্ট্রো অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অঙ্গীকার করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আজ মঙ্গলবাল (২৬ সেপ্টেম্বর) মেক্সিকোতে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এবং মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি উভয় দেশের পক্ষে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের প্রতিশ্রুতি এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এর অবস্থান তুলে ধরে উভয় দেশের মধ্যকার সহযোগিতা আরো বাড়ানোর জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একটি দ্বিপাক্ষিক বাণিজ্য গঠনের প্রস্তাব করেন। 

এছাড়াও মেক্সিকোর উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের উৎপাদন বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জ্বালানি এবং আইটি খাতে মেক্সিকোর চাহিদা মেটাতে বাজার অন্বেষণেরও আহ্বান জানান টিপু মুনশি।

দেশটির সেক্রেটারি অব ইকোনোমি দ্বৈত ট্যাক্সেশন এবং কাস্টমসের অনিষ্পন্ন চুক্তিগুলোর সমাধান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসাীয়দের আনুষ্ঠানিক যোগাযোগ ও ব্যবসায়িক ক্ষেত্র অনুসন্ধানের আহ্বান জানা এবং দুই দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি রচনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। 

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- মেক্সিকোতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, এফবিসিসিআই-এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী।

এ সময় মেক্সিকোর অর্থনৈতিক সচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।