বান্দরবানে নারী কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রুম্পা পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ ঢালীর (৩২) স্ত্রী। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন এবং চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রুম্পা স্বামী ও দুই সন্তানসহ বনরূপা পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। রাতে স্বামী ও সন্তানরা এক রুমে ঘুমালেও তিনি আলাদা রুমে ঘুমান। সকালে সৌরভ তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, রুম্পার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।