বাজার নিয়ন্ত্রণে ভারত-ইন্দোনেশিয়ার মডেল খতিয়ে দেখছে সরকার
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মডেল পর্যালোচনা করে একটি বাজার কাঠামো তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এ উদ্যোগের কথা তুলে ধরেন।
এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্যমন্ত্রী।
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয় রয়েছে।
“দেশে বাজার নিয়ন্ত্রণে ভারত ও ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের প্রচলিত মডেল পর্যালোচনা করে একটি আদর্শ মডেল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সম্প্রতি গবেষণা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজকে (বিআইডিএস)।”
বাজার নিয়ন্ত্রণে সরকারের আরো কয়েকটি পদক্ষেপের কথাও তুলে ধরা হয়।