বাইডেনের জয় অনুমোদন হয়নি, সমর্থকদের ঘরে ফিরতে বললেন ট্রাম্প
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর মার্কিন পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ। সরিয়ে নিয়েছে আইনপ্রণেতাদের। ফলে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদন স্থগিত হয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো জানা যায়নি।
এদিকে বিক্ষুব্ধ সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের বেদনা বুঝতে পারছি। বুঝতে পারছি আপনারা কতখানি মর্মাহত। আমরা একটা নির্বাচন জিতেছিলাম যা আমাদের কাছে থেকে চুরি করে নেওয়া হয়েছে। তবুও এখন আপনাদের বাড়ি ফিরে যেতে হবে। কেননা আমাদের শান্তি নিশ্চিত করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে।'
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন। এর কয়েক ঘন্টা আগেই এর বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন হাজার হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশের বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
রয়টার্স বলছে, এই সমাবেশের অল্প একটু দূরে গিয়ে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা। ভবনে ধ্বংসযজ্ঞও চালানো হয়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।