বাড়ছে পানি, তীব্র হচ্ছে নদী ভাঙন
অপরিবর্তিত রয়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি। দেশের প্রধান প্রধান নদী ও শাখানদীগুলোর কোথাও পানি বাড়ছে কোথাও কমছে কোনো স্থানে আবার থমকে আছে। তবে প্রবল খরস্রোতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। দেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম-গাইবান্ধা থেকে শুরু করে উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল হয়ে ভাটি ও মোহনার দিকে শরীয়তপুর-চাঁদপুর, বৃহত্তর নোয়াখালী-বরিশাল-ভোলা, দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা পর্যন্ত তীব্র ভাঙন চলছে। পৈত্রিক ভিটামাটি, বসতঘর, ফসলি জমি, বাগান, ক্ষেত-খামার নদীগর্ভে হারিয়ে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে হাজারো পরিবার। বন্যা-ভাঙনে গ্রাস করেছে রাস্তাঘাট, বাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার্ত ও ভাঙনকবলিত লাখো মানুষ এখনো পানিবন্দি। পানিবন্দি মানুষ খাদ্য, থাকার ঘরসহ জরুরি ত্রাণের আশায় তাকিয়ে আছেন। খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসার অভাবে হাহাকার করছে বন্যার্ত মানুষ।