বাবার কোলে খুন হওয়া তাসপিয়ার অভিযুক্ত খুনী গ্রেপ্তার
নোয়াখালীতে বাবার কোলে থাকা শিশু কন্যাকে গুলি করে হত্যা করার মামলার প্রধান আসামী মো. রিমন (২৩) ধরা পড়েছেন। মঙ্গলবার রাতে তাকে র্যাব গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন তাসপিয়া ও তার বাবাকে গুলি করার কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার রাতে শুধু রিমন নয় তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরো চার সহযোগীকে। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্দার করা হয়েছে। এই ঘটনার পর আজ বুধবার দুপুরে র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্প কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গত ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীর গুলিতে নিহত হয় চার বছরের শিশু তাসপিয়া। তখন বাবা আবু জাহেরের কোলে ছিল সে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েও বাবা বেঁচে যান। কিন্তু তাসপিয়া মারা যায়।
এদিন র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাসপিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমন (২৩), সহযোগী সোহেল উদ্দিন (২৪), সুজন (২৬), নাইমুল ইসলাম (২১) ও আকবর হোসেনের (২৬) অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে জেলার সুবর্ণচরের চর ক্লার্কে অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় ওই সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই রাউন্ড গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে অবস্থা বেগতিক দেখে তারা পিছু হটার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি কার্তুজ ও ১১টি গুলি উদ্ধার করা হয়েছে।
গত ১৪ এপ্রিল দুপুরে তাসফিয়া হত্যার ঘটনায় তার খালু হুমায়ুন কবির বাদী হয়ে বাদশা, রিমন’সহ ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৯ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।