বাবাকে হত্যার অভিযোগে পুত্র গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বরণ ছেলো বেলো গ্রামের আব্দুল কাদের দেওয়ান (৭২) নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ তার ছেলে সুলতান মাহমুদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সুলতান মাহমুদ আটাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
আজ রোববার ভোরের দিকে ছেলের হাতে বাবা খুন হওয়ার এই ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, দীর্ঘদিন থেকে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কোন্দল চলে আসছিল। বিষয়টি তিনি নিজে একাধিকবার আপোষ-মিমাংসা করে দিয়েছেন। কিন্তু রোববার ভোর ৪টার দিকে ছেলে তার বাবার মাথায় আঘাত করে হত্যা করে।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সময়ে হত্যাকাণ্ডের অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে।
নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান ওসি পলাশ চন্দ্র।