আওয়ামী লীগের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে খারাপ হবে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের লাভ হবে না। তারা শিক্ষা নিতে জানে না। তাদের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে খারাপ হবে। তিনি এর সঙ্গে স্পষ্ট করে ফের বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না। কারণ শিক্ষা নিতে জানে না তারা। তাহলে এই ১০ বছরে শিক্ষা নিতে পারত।’ তিনি আরো বলেন, ‘এদের (শ্রীলঙ্কার) চেয়েও খারাপ অবস্থা হবে। শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে সব। দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।’
শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ চলছে। গতকাল সোমবার বেশ কয়েকজন রাজনীতিবিদ জনরোষের মুখে পড়েছেন। একজন আত্মহত্যা করেছেন নিজেকে গুলি করে। পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের সংসদ নির্বাচন সব আসনে ইভিএমে হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এ নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ‘দেখুন, এই সরকার যে পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তার প্রমাণ হচ্ছে এটা। প্রধানমন্ত্রী কীভাবে বলেন, ৩০০ আসনে নির্বাচন হবে? যে দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের।’
আজই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদীয় ৩০০ আসনের সবগুলোতে ইভিএমে নির্বাচন করার সক্ষমতা ইসির নেই। বড় জোর ১০০ আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা আছে।
তার কথার প্রসঙ্গ ধরে মির্জা ফখরুল বলেছেন, ‘ইসি যা বলার বলে দিয়েছে। এখানে আমাদের তেমন বলার কিছু আছে বলে মনে হয় না। এ সরকার সচেতনভাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে ধ্বংস করছে।’