আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, বিচার প্রক্রিয়ার আহ্বান: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাহী আদেশে নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ গুম, খুন ও নানা অপরাধ করেছে, যার বিচার হওয়া প্রয়োজন।
শনিবার (২২ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- ২০১৮ সালের ‘মিডনাইট নির্বাচন’ এবং ২০২৩ সালের ‘ডামি নির্বাচন’ নিয়ে যারা এখন ‘ইনক্লুসিভ নির্বাচন’ চান, তারা তখন কোথায় ছিলেন?
তিনি বলেন, যেই বাংলাদেশে এখনও পর্যন্ত গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। সেই বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। ৫ আগস্টই সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা, রাজনীতি এ দেশে নিষিদ্ধ হয়েছে।
এ সময় তিনি ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর কখনো প্রবেশ করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।