আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, বিএনপি ক্ষমতায় আসবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি এবং বারবার তা ধ্বংস করেছে। তাই তাদের আর গণতন্ত্রের কোনো সুবিধা দেওয়া উচিত নয়।
মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওরা গাড়িবহর নিয়ে যা করুক, সমস্যা নেই। আমরা জানি ওরা কী করতে পারবে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী দেশের মানুষের ওপর হামলা চালিয়েছিল এবং লাখো নিরীহ মানুষকে হত্যা করেছিল। কিন্তু পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে এবং পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল, যা কখনোই ভুলে যাওয়া উচিত নয়।
শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে তিনি বলেন, জনগণ যখন ক্ষেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে।
খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর হাতে তিনি ৯ মাস বন্দি ছিলেন। বিএনপি সংস্কারের প্রথম উদ্যোগ নেয় এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশের মৌলিক সংস্কার করেন। বিএনপির দেওয়া ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব এবং ২০১৬ সালে খালেদা জিয়ার "ভিশন ২০৩০" এর কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কার নতুন কিছু নয়, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের নামে নতুন সংস্কারের পরিকল্পনা আনা হচ্ছে।
সামরিক বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সেনাবাহিনী দেশের দুঃসময়ে পাশে থাকে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আমরা সফল করতে পারিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বারবার হোঁচট খেয়েছি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করছে।
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার পতনের পরও গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বাধাগ্রস্ত করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্রই হোক, জনগণ তা প্রতিহত করবে।