আটকে পড়া প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়াবে সৌদি আরব
অনলাইন নিউজ পোর্টাল
•
26 মে 2021, 10:48 দুপুর
•
256 বার পঠিত
করোনাভাইরাস মহামারির কারণে চলা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর সঙ্গে এক্সিট ও রিএন্ট্রি ভিসাসহ ভিজিট ভিসার মেয়াদ সম্পূর্ণ বিনাখরচে আগামী ২ জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি-এর বরাত দিয়ে এখবর জানিয়েছে সৌদি গ্যাজেট।
সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশনায় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। সৌদি নাগরিক ও সেদেশে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি পূরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।