শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আশুলিয়ায় কলেজছাত্র হত্যায় আইফোন ও টাকা লুট, মূল আসামি গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জুন 2025, 10:21 রাত • 455 বার পঠিত
আশুলিয়ায় কলেজছাত্র হত্যায় আইফোন ও টাকা লুট, মূল আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় কলেজছাত্র আনন্দ রয় বাসফোর (২০)–কে হত্যা করে তার আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি হৃদয় আহমেদ (৪২)–কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকায় র‍্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, নিহত আনন্দ রয় বাসফোর জিরানী মান্নান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৮ জুন রাতে বন্ধুদের সঙ্গে কালিয়াকৈর পিকনিকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় আসামি হৃদয় আহমেদ ও তার সহযোগীরা আনন্দের আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেন। পরে তাকে হত্যা করে কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভেতরের ডোবার পানিতে ফেলে রেখে চলে যান।

এ ঘটনায় গত ১১ জুন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‍্যাব-৪ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তদন্তে ক্লুলেস এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একাধিক তথ্য সংগ্রহ করে তারা।

পরে র‍্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকা থেকে প্রধান আসামি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।