আসিফ-কায়কোবাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৬৫ নেতাকর্মী এবং সাংবাদিকসহ মোট ৭১ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তার অনুসারীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে থানা চত্বরের দিকে অগ্রসর হওয়ার সময় আল্লাহু চত্বরে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, একই সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো ও রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আসিফ মাহমুদের অনুসারী ইউপি সদস্য মো. শেকন মিয়া, মাসুদুল রানা, ইউনুস মিয়া, মো. কাইয়ুমসহ অন্তত ৫০ জন আহত হন। অপরদিকে কায়কোবাদপন্থী ওমর উল্লাহসহ ১৫ জন আহত হন। এছাড়া সাংবাদিক শাহ ইমরান, আবদুল্লাহ আল মারুফ, মঈন নাসের খাঁন রাফি, হাবিবুর রহমান মুন্নাসহ ছয় সাংবাদিকও আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসিফ মাহমুদের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং বিএনপির কার্যালেতেও হামলা হয়েছে। তিনি বলেন, পুলিশের সহায়তায় এই হামলা চালানো হয়েছে, যাতে যুবদল নেতা ওমর উল্লাহ, ইমন, পারভেজ, কামাল হোসেনসহ ১৫ জন আহত হন।
এদিকে মুরাদনগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক ও সাবেক ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক ছিদ্দিকী কায়কোবাদের অনুসারীদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ এনেছেন। তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আসিফ মাহমুদ ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মিছিল করা হলে সেখানে হামলা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।