আসছে জুন মাসেই যান চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে পদ্মাসেতু
চলতি বছরের জুন মাসের মধ্যেই যানবাহন চলাচলের জন্য বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, এরই মধ্যে পদ্মাসেতুর মূল কাজ শতকরা ৯৬ ভাগ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে শতকরা ৯০.৫০ ভাগ।
মঙ্গলবার রাজধানীর সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি হয়েছে শতকরা ৮০ ভাগ। টানেল প্রকল্প চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরো বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ধাপের মধ্যে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত প্রথম ধাপের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮.৫০ ভাগ এবং বনানী-মগবাজার অংশের কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৩১ ভাগ।