শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরও ৫ জেলায় রেড জোন ঘোষণা: সাধারণ ছুটি

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুন 2020, 12:40 রাত • 376 বার পঠিত
আরও ৫ জেলায় রেড জোন ঘোষণা: সাধারণ ছুটি

বেশি মাত্রায় করোনা সংক্রমণের কারণে দেশের আরও পাঁচটি জেলার ১১টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে। সোমবার রাতে (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া।

সাধারণ এই ছুটি ২৩ জুন মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর আগে, দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় রোববার মধ্যরাতে সেখানে সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল। এলাকাগুলো হচ্ছে:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সকল ওয়ার্ড ২৩ জুন থেকে পরবর্তী ২১ দিন রেড জোন ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ২৩ জুন থেকে ৭ জুলাই।

মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া এলাকা; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মণ্ডপ ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন। আগামী ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপড়া ও কালাইশ্রীপাড়া, ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া এবং ৮নং ওয়ার্ডের কাজীপাড়া; নবীনগর উপজেলার নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের হাসপাতালপাড়া ও পশ্চিমপাড়া, ৩নং ওয়ার্ডের টিএনটিপাড়া, ৪নং ওয়ার্ডের হাসপাতালপাড়া ও কলেজপাড়া এবং ৮নং ওয়ার্ডের ভোলাচং দাসপাড়া এলাকা, কসবা উপজেলার কসবা পৌরসভার ৪নং ওয়ার্ডের আড়াইবাড়ি, ৫নং ওয়ার্ডের শীতলপাড়া এবং ৭নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২৩ জুন থেকে ৪ জুলাই।

নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড (উত্তর বিরামপুর ও দক্ষিণ বিরামপুর) রেড জোন ঘোষণা করা হয়েছে ১৬ জুন থেকে পরবর্তী ২১ দিন, সাধারণ ছুটি থাকবে ২৩ জুন থেকে ৭ জুলাই।

কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০নং ওয়ার্ড এলাকা; ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন; ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। এসব এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এ ছুটির আওতা বহির্ভুত থাকবে।