শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরও ৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুন 2021, 10:06 দুপুর • 713 বার পঠিত
আরও ৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

মৌসুমি বায়ু উপকূলের দিকে এগিয়ে আসছে। একই সঙ্গে রয়েছে পশ্চিমা লঘুচাপের শক্তিশালী অবস্থান। তাই শুরু হয়েছে নিয়মিত বৃষ্টিপাত। আগামী ২ দিনে দক্ষিণ-পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে পরের ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

গত শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায়ও দেশে বৃষ্টি বাড়ার আভাস। সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ  ছাড়া তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস বলেছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।