আড়াই বছরে রেলক্রসিয়ে ২১৯ মৃত্যু
দেশের রেলক্রসিংগুলো যেন মৃত্যুফাঁদ! রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, দেশের এসব রেলক্রসিংয়ে ২০২০ থেকে ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত ১১৬টি দুর্ঘটনা ঘটেছে। আর তাতে ২১৯ জন প্রাণ হারিয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো
হয়েছে। এই বিজ্ঞপ্তিতে রেলক্রসিং দুর্ঘটনার কারণও চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে বেশ
কিছু সুপারিশও করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বছর অনুযায়ী পরিসংখ্যান তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রেলক্রসিংয়ে ২০২০ সালে ৩৮টি দুর্ঘটনায় ৬৯ জন, ২০২১ সালে ৪৩টি দুর্ঘটনায় ৭৬ জন ও ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত ৩৫টি দুর্ঘটনায় ৭৪ জন মারা যান।
প্রসঙ্গত, রেলক্রসিংয়ে সবশেষ দুর্ঘটনাটি গতকাল শুক্রবার ঘটেছে। চট্টগ্রামের মীরসরাইয়ে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন মাইক্রোবাস আরোহীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের দুই হাজার ৯৫৯ কিলোমিটার রেলপথে দুই হাজার ৮৫৬টি রেলক্রসিং আছে। এর মধ্যে এক হাজার ৪৯৫টি বৈধ ও এক হাজার ৩৬১টি অবৈধ। ৯৬১টি রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। দেশে ৮২ শতাংশ রেলক্রসিং অনিরাপদ।