শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আওয়ামী লীগ ধ্বংস করেছে গণতন্ত্র, অর্থনীতি ও শিক্ষা: তারেক রহমান

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 16 ফেব্রুয়ারি 2025, 08:44 রাত • 184 বার পঠিত
আওয়ামী লীগ ধ্বংস করেছে গণতন্ত্র, অর্থনীতি ও শিক্ষা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থেকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন চালু করেছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, মিথ্যা মামলা ও গুম-খুনের রাজনীতি চালু করা হয়েছে।”

তিনি আরও বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এবং শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন।

জেলা বিএনপির সম্মেলন ও নির্বাচন
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়ানো হয়।

সম্মেলন শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ৭টি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলর ভোট দেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল। সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম, শাহরিয়ার রিজভী জজ ও অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল হাসান বাবু, টিপু সুলতান ও এস এম ফেরদৌস।

সম্মেলনে খুলনা বিভাগের বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।