শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা জারি

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুলাই 2020, 05:23 বিকাল • 286 বার পঠিত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা জারি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার মাত্র এক সপ্তাহ পরেই নতুন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করার পরিকল্পনা করলে নতুন বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। শুক্রবার এক বিবৃতিতে নীতি পরিবর্তনের এই ঘোষণা দেয় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট।

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত পড়ন্ত সেমিস্টারের জন্য তাদের পরিকল্পনা ঘোষণা করেনি। এর আগেই শুক্রবারের ঘোষণায় বলা হয়, অনলাইনে ক্লাস করার জন্য নতুন কোনো বিদেশি শিক্ষার্থী গ্রহণ করবে না দেশটি। তবে যেসব বিদেশি শিক্ষার্থী সেখানেই অবস্থান করছে এবং ভিসা আছে তারা অনলাইন ক্লাসে যোগ দিতে পারবেন।

করোনাভাইরাস সংকটের সময় বিদেশিদের জন্য বিভিন্ন ধরণের ভিসা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, গত ৬ জুলাই ট্রাম্প প্রশাসন এক ঘোষণায় জানায় যে, যুক্তরাষ্ট্রে অনলাইন ক্লাস শুরু হলে বিদেশি শিক্ষার্থীদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হার্ভার্ড ও এমআইটিসহ প্রায় ১৮টি রাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো। এরপর গত ১৪ জুলাই ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্তটি প্রত্যাহার করে।