শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জঙ্গিবিরোধী অভিযানের নাটক, বললেন ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 13 আগস্ট 2023, 04:29 দুপুর • 366 বার পঠিত
আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জঙ্গিবিরোধী অভিযানের নাটক, বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "যখন আন্দোলন তুঙ্গে থাকে, তখনই এই জঙ্গি-নাটক অনুষ্ঠিত হয়।" 

গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়ায় এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। সেখান থেকে বিস্ফোরক ও ৫০টি ডেটোনেটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

এই অভিযান ফখরুল ইসলাম আলমগীরের চোখে সাজানো নাটক। তার দাবি, চলমান এক দফা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার নাটকটি সাজিয়েছে। তিনি বলেন, ''সরকার কূটকৌশলী। হঠাৎ কুলাউড়ায় জঙ্গিবিরোধী অভিযান। এত বিস্ফোরক, ডেটোনেটর—কী ভয়ানক ব্যাপার! হঠাৎ করে কোথা থেকে এলো, কারা আনল, কীভাবে আনল?''

আজ রবিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ''যখন আন্দোলন তুঙ্গে থাকে, তখনই এই জঙ্গি–নাটক অনুষ্ঠিত হয়। পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখাবে, যে দেখ আমরা না থাকলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। নাটক করতে করতে সরকার এই জায়গায় এসেছে।''

আজ (রোববার) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের (কোকো) ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। 

সেখানে রাখা বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর আবারো জোর দিয়ে বলেন, ''আমাদের একটাই দাবি, সুষ্ঠু নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন। আওয়ামী লীগ জানে, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিলে তারা শতকরা ১০টি আসনও পাবে না। এই একটাই কারণ তাদের কোনো কথাই শুনতে না চাওয়ার।''  

এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আবদুস সালাম।