আমরা শিগগিরই ভালো অবস্থায় যাবো বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তবে সারাবিশ্ব এখনো অস্থিরতার মধ্যে থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত আছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও আমরা শিগগিরই ভালো অবস্থায় যাবো।
গত মঙ্গলবার জাতীয় সংসদে বৈশ্বিক মহামারি কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক সমস্যায় সরকারের নেয়া পদক্ষেপ জাতিকে জানাতে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারি মাসে হঠাৎ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলো। তখন ১৭০ ডলার হয়েছিল জ্বালানি তেলের দাম। সেই সময় দাম বাড়ালে প্রতি লিটার ৬০ টাকা হতো। আমরা অপেক্ষায় ছিলাম দামটা একটু কমুক। তখন অ্যাডজাস্টমেন্টে যাবো। দাম আস্তে আস্তে কমে ১৩৯ ডলার যখন হয়েছে। ভারতের থেকে তখনও আমাদের ৪০ টাকা লিটারপ্রতি পার্থক্য ছিল। আশঙ্কা ছিল ভারতে তেল পাচার হয়ে যাওয়ার। সেই কারণে ব্যবস্থা নিতে হয়েছে। বৈশ্বিক অবস্থা, তেলের ঘাটতি, ঊর্ধ্বমুখী তেলের দাম এবং পাচার হওয়ার ঘটনা অনেক কিছু মিলিয়ে আমাদের দাম সমন্বয় করতে হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে আমরা বিশ্বের শ্রেষ্ঠ দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী ধীরে ধীরে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাচ্ছেন।