আমি ভীষণভাবে লজ্জিত ও বিব্রত: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, না জেনে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে একটি রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার ফলে শিক্ষা কার্যক্রমের ক্ষতি হওয়ায় তিনি লজ্জিত ও বিব্রত।
এর সঙ্গে তিনি আহ্বান জানান, শিক্ষা কার্যক্রমের ক্ষতি হয়- সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ ধরনের অনুষ্ঠান যেন না করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সবার কাছে আহ্বান করব যদি এ ধরনের অনুষ্ঠান করা হয় তাহলে যেন ছুটির দিনে করা হয় এবং ওই প্রাঙ্গণ নষ্ট হবে না ক্ষতিগ্রস্ত হবে না সেগুলোর নিশ্চয়তা বিধান করেই যেন সেটি করা হয়।’’
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘গতকালকে আর আজকে কোথাও পাবলিকলি কথা বলার সুযোগ হয়নি। আজকে আমি এই সুযোগটি গ্রহণ করলাম। আশা করি, আপনারা ক্ষমা করবেন।’’
গতকাল বুধবার রাতে তিনি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন।
সোমবার রাজধানীর দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি এলাকায় এসএম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সের মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
তিনি গিয়েছিলেন সন্ধ্যায়। কিন্তু সংবাদ মাধ্যমে খবর আসে. প্যান্ডেল সাজানো এবং ব্যানার পোস্টার টানানোর জন্য ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল।
শিক্ষামন্ত্রী সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘‘আমি আসলে খুবই বিব্রত। আমি গত পরশুদিন ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে গিয়েছিলাম। আমি চলে আসার পর জেনেছি, সেখানে আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা ওই মাঠ ব্যবহার করে। সেখানে সেই রাজনৈতিক সমাবেশটি হয়েছে। পরে আমি খোঁজ নিয়েছি। আমাকে বলা হলো সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলেছে। যদিও বলা হয়েছে শিক্ষা কার্যক্রম চলেছে, আসলে কতটা চলেছে সেটা আমি জানি না। ওখানে যখন প্যান্ডেল করা হয়েছে তখন শিক্ষা কার্যক্রম একেবারে নির্বিঘ্নে হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। সে কারণে আমি সত্যিই ভীষণভাবে লজ্জিত।’’