আলোচনায় ১১ শীর্ষ আলেম কে হচ্ছেন হেফাজতের পরবর্তী মহাসচিব
হেফাজতে ইসলামের মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যেই ইন্তেকাল করেছেন রাজধানীর বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী। তার মৃত্যুর পর গুরুত্বপূর্ণ পদটি পূরণ নিয়ে সংগঠনটির নেতাদের মধ্যে আলোচনা-পর্যালোচনা চলছে। এ পদের আলোচনায় ইতোমধ্যে ১০-১২ জন শীর্ষ আলেমের নাম উঠে এসেছে।
তবে শেষ পর্যন্ত কে মহাসচিব হতে পারেন তা এখনই সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। বর্তমান নায়েবে আমিরের তালিকায় ১ নম্বরে থাকা মাওলানা নুরুল ইসলাম জিহাদী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এ দিকে হেফাজতের সাবেক আমির ও দেশবরেণ্য আলেম আল্লামা আহমদ শফীকে হত্যার মতো গুরুতর অভিযোগ এনে তার শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ ৩৬ নেতার নামে মামলার আবেদন করায় বেশ বিপাকে পড়েছে অরাজনৈতিক এ সংগঠনটি। এ নিয়ে আজ বুধবার হাটহাজারী মাদরাসায় এক সংবাদ সম্মেলনও ডেকেছে হেফাজতে ইসলাম।
হেফাজতের বর্তমানে চারজন যুগ্ম-মহাসচিব থাকলেও প্রথম দু’জন মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের নামও স্বল্প পরিসরে আলোচনায় রয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে নায়েবে আমিরের তালিকায় ১ নম্বরে থাকা মাওলানা নুরুল ইসলাম জিহাদীই হতে পারেন হেফাজতের পরবর্তী মহাসচিব। এ ব্যাপারে নুরুল ইসলাম জিহাদী নয়া দিগন্তকে বলেন, আমি নিজে কোনো পদের জন্য চেষ্টা করি না। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কোনোভাবেই আমি আমার নাম বলিনি। আমার সাথে এ ব্যাপারে হেফাজতের আমিরের সাথেও কোনো আলোচনা হয়নি। হেফাজত মহাসচিব কে হতে পারেন তা বৈঠক হলেই জানা যাবে।