আলিবাবাকে কোটি ডলার জরিমানা করেছে চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
একচেটিয়া আধিপত্য তৈরি করার দায়ে ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপকে ১৮ বিলিয়ন ইউয়ান (২৭৫কোটি ডলার) জরিমানা করেছে চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। দেশটিতে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি।
গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি চালাচ্ছে; তারই ধারাবাহিকতায় আলিবাবাকে এ জরিমানা করা হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
এই ই-কমার্স জায়ান্টের প্রতিষ্ঠাতা জ্যাক মা গত বছরের অক্টোবরে চীনের বাজার ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছিলেন; এরপর থেকেই এ বিলিয়নেয়ারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়।
গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে। তদন্তের কেন্দ্রে ছিল একচেটিয়া ব্যবসার মনোবৃত্তি থেকে করা ‘দুটোর মধ্যে একটা বেছে নাও’ চর্চা। এতে মার্চেন্ট বা বিক্রেতাকে আলিবাবার সঙ্গে যে বিশেষ সহযোগিতা চুক্তি করতে হত, তা তাদেরকে অন্য প্ল্যাটফর্মে পণ্য দেয়া থেকে বিরত রাখত।
তদন্ত শেষে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আলিবাবাকে ১৮০০ কোটি ইউয়ান (২৭৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৩ হাজার কোটি টাকা) জরিমানা করে।