শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2025, 12:16 রাত • 201 বার পঠিত
আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। পবিত্র কোরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষা আত্মস্থ করতে পারলে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। এজন্য সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।

সাম্প্রতিক সময়ে সমাজে বেড়ে চলা খুন-ধর্ষণসহ অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে মাওলানা আব্দুল হালিম বলেন, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে এই প্রবণতা রোধ করা সম্ভব হবে। নির্যাতিতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় মজলুম জনতার পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আছিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ করাও তারই একটি প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী ও আল-আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ এবং কোতোয়ালি থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া।