আল-কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি মার্কিন হামলায় নিহত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি আফগানিস্তানে সিআইএ-এর ড্রোন হামলায় নিহত হয়েছেন।
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। তিনি নিহত হন মার্কিন কমান্ডো হামলায়। তার মৃত্যুর পর আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জন্য আল-জাওয়াহিরির মৃত্যু সবচেয়ে বড় আঘাত হয়ে এল।
মার্কিন কর্মকর্তারা জানান, রোববার ভোর ৬টা ১৮ মিনিটে আফগানিস্তানের রাজধানী কাবুলে জাওয়াহিরির আস্তানায় সিআইএ হামলা চালায়।
হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ওই সন্ত্রাসী নেতা আর জীবিত নেই। আমরা কখনও হারিনি।’’
২০০১ সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ার, পেন্টাগন আর পেনসিলভানিয়ায় আত্মঘাতী হামলা চালিয়ে ৩ হাজারের বেশি মানুষকে হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয় জাওয়াহিরিকে। তিনি ওই সময় ওসামা বিন লাদেনের শীর্ষ উপদেষ্টা ছিলেন।
বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সকল নাগরিক, মার্কিন স্বার্থ আর জাতীয় নিরাপত্তার জন্য জাওয়াহিরি ছিলেন হুমকি। তার মৃত্যু আল-কায়েদার জন্য একটি বড় ধাক্কা। এর ফলে এ সংগঠনের টিকে থাকার সক্ষমতা অনেকটা কমে যাবে।’’
এর আগে বহুবার জাওয়াহিরির মৃত্যুর গুজব রটেছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আফগানিস্তান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়। তালেবানরা দেশটার নিয়ন্ত্রণ নেয়। সেই দেশে জাওয়াহিরির মৃত্যু নতুন প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি তালেবানরা জাওয়াহিরিকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল?