আল আজহারের সদর দপ্তরে ফিনিশ প্রেসিডেন্ট
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজেন্ডার স্টাব মিসরের বিখ্যাত বিদ্যাপিঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তরে উপস্থিত হয়েছেন। সেখানে এই সময় আল আজহারের গ্রান্ড ইমাম আহমেদ আল তায়েবের সঙ্গে তাঁর মত বিনিময় বৈঠক হয়। বৈঠক শেষে শায়খ আহমদ তাইয়েব বলেন, আজ মানবজাতি এমন এক বিশৃঙ্খলার মধ্যে রয়েছে যা বিশ্বকে উন্মাদনার দিকে ঠেলে দিচ্ছে। আল আজহার স্থানীয় ও বৈশ্বিক উভয় পর্যায়েই শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করেছে। স্থানীয় পর্যায়ে, মিসরের বিভিন্ন গির্জার সহযোগিতায় ‘হাউস অব দ্য ইজিপশিয়ান ফ্যামিলি’ প্রতিষ্ঠা করা হয়েছে, যা সাম্প্রদায়িক সংঘাত প্রায় নির্মূল করতে সহায়তা করেছে।
আন্তর্জাতিক পর্যায়ে, আল আজহার পশ্চিমা বিশ্বের বিভিন্ন গির্জা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে ইতিবাচকভাবে সম্পৃক্ত হয়েছে। যেমন ভ্যাটিকেন, চার্চ অব ক্যান্টবেরি ও দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস। যাদের সঙ্গে যৌথভাবে বৈশ্বিক শান্তির ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈশ্বিক সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে ধর্মের কণ্ঠস্বর—যা আলেমদের প্রতিনিধিত্ব করে এর মধ্যে ব্যবধান দূর করা। নীতিনির্ধারকদের বোঝানো উচিত যে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতি ধেয়ে আসা সংকট থেকে মানবতাকে রক্ষায় এই কণ্ঠস্বরগুলোর গুরুত্ব কত।
অন্যদিকে প্রেসিডেন্ট স্টাব গ্র্যান্ড ইমামের সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় তার বৈশ্বিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি মানবতার সামনে আসা ধারাবাহিক সংকট নিয়ে আল আজহারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত প্রকাশ করেন এবং বলেন, বিশ্ব বর্তমানে অজ্ঞতা, সহিংসতা, যুদ্ধ ও সংঘাতসহ নানা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি, যা রোগব্যাধি, মহামারি এবং বিশৃঙ্খলার ধারা তৈরি করেছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি ও কাঠামোর ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে।