আকাশপথে ব্যর্থ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পানিপথে পালাতে চাইছেন
আকাশপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তাই সমুদ্রপথে দেশ থেকে পালানোর চিন্তা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বার্তা সংস্থা এএফপির একটি অফিসিয়াল সূত্র এই তথ্য প্রকাশ করেছে।
সূত্রটি জানায়, নিজ দেশের বিমানবন্দর অভিবাসন কর্মকর্তারা গোতাবায়াকে আটকে দেন। এরপর তিনি পালানোর জন্য নৌবাহিনীর টহল নৌযান ব্যবহার করার কথা ভাবছেন। এএফপি অবশ্য জানায়নি যে কোন মাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে।
আজ মঙ্গলবার শ্রীলঙ্কার স্থানীয় সময় দুপুরের দিকে দেশ ছেড়ে পালাতে গোতাবায়া বিমানবন্দরে যান এবং সেখানে আটকে যান। চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে ফিরে আসতে হয়।
কলম্বোর একটি সংবাদপত্র জানায়, দেশ ছাড়ার উদ্যোগ নেওয়ার আগে গোতাবায়া তার স্ত্রীকে নিয়ে বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত কাটান।
আগামীকাল বুধবার গোতাবায়ার পদত্যাগের কথা রয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা দিয়েছেন। তবে পদত্যাগের আগেই তিনি আকাশ পথে দেশ ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হন।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম জানায়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য গোতাবায়া পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। আজই এই পদত্যাগ পত্রে সই করেন তিনি। বুধবার থেকে এ পদত্যাগ কার্যকর হবে। পার্লামেন্টে এই ঘোষণা দেবেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।
সংবাদপত্রে বলা হয়, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় গোতাবায়া গ্রেফতার হওয়ার শঙ্কা করছেন। এই কারণেই তিনি গ্রেফতার এড়াতে পদত্যাগের আগে পালাতে চাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কাস্টমস কর্মকর্তারা তার পাসপোর্ট আটকে দেন।
একইভাবে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন গোতাবায়ার ছোট ভাই ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে।