শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে স্বপ্নের মেট্রোর যাত্রা শুরু, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ডিসেম্বর 2022, 02:59 দুপুর • 251 বার পঠিত
আজ থেকে স্বপ্নের মেট্রোর যাত্রা শুরু, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আজ। নতুন যুগে ঢাকার গণপরিবহন। তীব্র যানজটের শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো ট্রেন।

প্রথম যাত্রী যাত্রী হিসেবে দিয়াবাড়ি স্টেশনে নিজের হাতে টিকেট কেটে মেট্রো ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোতে ভ্রমণ শেষে আগারগাঁও স্টেশনে নামবেন সরকারপ্রধান। প্রথম যাত্রায় ট্রেনটি চালাচ্ছেন মরিয়ম আফিজা।  

ট্রেনে ওঠার আগে প্রধানমন্ত্রী গার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবুজ পতাকা দুলিয়ে মেট্রোরেলের যাত্রা শুরুর সংকেত দেন।

প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হিসেবে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।  

আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন।  

টিকিট কেটে প্লাটফর্মে প্রবেশের আগে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেন।

বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। সুধী সমাবেশের শুরুতে সেখানে তিনি দেশের প্রথম মেট্রোরেল- এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।  

মেট্রো ট্রেন বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন। এটি চলবে সফটওয়্যারের মাধ্যমে, এক্ষেত্রেও বাংলাদেশে প্রথম। মেট্রোর টিকিট হচ্ছে বিশেষ এক ধরনের কার্ড, যাত্রীরা ভাড়া পরিশোধ করবেন এই কার্ড দিয়ে।

আরামদায়ক ভ্রমণের সঙ্গে সময় বাঁচাবে মেট্রোরেল, গতি আনবে ঢাকাবাসীর জীবনে। বিশ্বব্যাংকের হিসাবে ঢাকায় যানবাহনের গড় গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে চার ঘণ্টা। মেট্রোতে সময় লাগবে কয়েকগুণ কম, উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে মাত্র ৪০ মিনিটে।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এই পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

শুরুতে মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। আগামী বেশ কিছুদিন এই রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।