আজ থেকে শুরু টিসিবির ৩০ টাকা দরে চাল বিক্রি
আজ রবিবার থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেল, ডাল ও চিনির সঙ্গে ৩০ টাকা কেজি দরে বিক্রি করবে চাল। রাজধানীর মহানগরসহ সারাদেশে টিসিবির নির্ধারিত ডিলারদের কাছ থেকে কার্ডধারীরা ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ কোটি পরিবারের কাছে সুলভমূল্যে খাদ্যসামগ্রী বিক্রির অংশ হিসেবে এ চাল বিক্রি হবে।
শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে চাল কেজিতে ৩০ টাকা ধরে, সয়াবিন তেল ১০০ টাকায়, চিনি ৭০ টাকায় এবং মসুর ডাল ৬০ টাকায় বিক্রি হবে।
প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন টিসিবি। জুলাই মাস থেকে ১ কোটি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদফতরের দেওয়া চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন টিসিবির কার্ডধারী সর্বোচ্চ ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন।