আজ থেকে শুরু হচ্ছে হজ্জ নিবন্ধন
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবার খুবই সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে হজ্জ অনুষ্ঠিত হবে। কারা হজ্জের সুযোগ পাবেন তা নির্ধারণে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নিবন্ধন। জানা গেছে, ১০ জুলাই পর্যন্ত এ নিবন্ধন চলবে। যারা হজ্জের সুযোগ পাবেন তাদের নাম ঘোষণা করা হবে আগামী ১৩ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আাগামী ৩০ জুলাই হজ্জ পালিত হবে।
গত মাসে সৌদি আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার বিস্তার রোধে এ বছর এক হাজারেরও কম সংখ্যক হাজির অংশগ্রহণে হজ্জ পালিত হবে। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে আগে থেকেই বাস করা বিদেশিরা এ বছর হজ্জে অংশ নিতে পারবেন, এই সংখ্যা হবে সর্বোচ্চ ১০ হাজার।
সৌদিতে বাস করা বাংলাদেশি নাগরিকরা হজ্জে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে কেউ নিবন্ধন করতে পারবেন না। সৌদিতে বাস করা বাংলাদেশিদের কতজন হজ্জ করার সুযোগ পাবেন, সেই সংখ্যা নির্ধারিত নয়। সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।