আজ থেকে শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু
অনেক দিন বন্ধ থাকার পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবারো সশরীরে ক্লাস চালু হয়েছে। সরকারি নির্দেশনা মেনে আজ (২২ ফেব্রুয়ারি) থেকে ক্লাস শুরু হয়েছে সিলেটের এই বিশ্ববিদ্যালয়ে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ১৪ ফেব্রুয়ারি আবাসিক হল খোলা ও ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীর ক্লাস শুরু করার সিদ্ধান্তও নেয়া হয়। তাই আজ থেকে বিভিন্ন বিভাগের শ্রেণি কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হয়েছে।
সশরীর ক্লাস চালু হওয়ায় অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সানজিদা নওরিন বলেন, সেশনজটের বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। সশরীর ক্লাস শুরু হয়েছে। আশা করি, খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে পারবো।
জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মমিনুল ইসলাম বলেন, এমনিতেই দীর্ঘদিন বন্ধ ছিল ক্যাম্পাস। এরমধ্যে আবার করোনা বেড়ে যাওয়া এবং ক্যাম্পাসে আন্দোলন হওয়ায় ক্লাস-পরীক্ষা সব বন্ধ হয়ে যায়। বিষয়গুলো মেনে নেয়া কঠিন ছিলো। ক্যাম্পাস খুলে দেয়া হয়েছে। আশা করি, খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠবো।