আজ থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা আজ মঙ্গলবার থেকে কমতে পারে। তবে আজও দেশের কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এদিকে সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
দেশের বিভিন্ন স্থানে পশ্চিমা লঘুচাপ সৃষ্টি হওয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরো দুই দিন অব্যাহত থাকবে। শৈত্যপ্রবাহ না থাকলেও কুয়াশার সঙ্গে উত্তরের হাওয়ায় শীতের অনুভূতি একটু বেশি অনুভূত হবে।
রবিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এবার মাঘের শুরুতে পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলে তিন-চার দিন ধরে। মাসের শেষ দিকে ফের শীতের প্রভাব বাড়বে।