আজ রাতে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 অক্টোবর 2022, 11:30 দুপুর
•
245 বার পঠিত
ইলিশের প্রজনন মওসুমকে কেন্দ্র করে মৎস্য অধিদফতরের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। ইলিশের নিরাপদ প্রজনন এবং ভবিষ্যতের জন্য মাছটি রক্ষার লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা ছিল।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার এ সময়টাতে ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে সাগরে নামার শেষ প্রস্তুতি এরই মধ্যে নিয়ে ফেলেছেন জেলেরা।
গত বৃহস্পতিবার নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, এবার মা ইলিশ রক্ষার অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের অভিযানে ১২৭ কোটি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে ৪ হাজার অসাধু জেলেকে আটক করা হয়েছে। প্রত্যাশা করি এ বছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।