আজ নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
টি-২০ বিশ্বকাপ খেলতে গত বছর অনেক আশা-ভরসা নিয়ে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টাইগারদের। মূল পর্বে কোনো ম্যাচই জিতেনি দলটি।
বছর ঘুরে আবারও দুয়ারে টি-২০ বিশ্বকাপ। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ দল। ২০০৭ সাল থেকে বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় নেই বাংলাদেশের। সাকিবের অধিনায়কত্বে এবার নিশ্চিতভাবে সেই বন্ধ্যাত্ব ঘুচাতে মুখিয়ে থাকবেন ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে নামার আগে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন টাইগাররা। পেস-বাউন্সি কন্ডিশনের আবহ পাওয়া যাবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাকিবরা।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে আজই দেশ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিশ্বকাপ যাত্রা শুরু হবে টাইগারদের। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে ক্রাইস্টচার্চে যাবে দল। আগামী ৩ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে অনুশীলন শুরু হবে। আগামী ৭ অক্টোবর ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিববাহিনী।