আজ মোংলা সমুদ্র বন্দরের ৭১ বছরে পদার্পণ
আজ ১লা ডিসেম্বর ৭১ বছরে পা রাখল মোংলা সমুদ্র বন্দর। ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা বন্দর নামে যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় এই সমুদ্রবন্দর। ওই বছরের ১১ ডিসেম্বর বন্দরটি বিদেশি জাহাজ নোঙরের জন্য উন্মুক্ত করা হলে ব্রিটিশ বণিক জাহাজ 'দি সিটি অব লিয়ন্স'বন্দরে প্রথম নোঙ্গর করে। সমুদ্রগামী জাহাজ নোঙরের ক্ষেত্রে মোংলা অধিকতর সুবিধাজনক হওয়ায় ১৯৫৪ সালে বন্দরটি চালনা থেকে মোংলায় স্থানান্তর করা হয়। তখন মোংলা বন্দর দীর্ঘদিন ধরে চালনা নামেই পরিচিত ছিল। প্রতিষ্ঠার পর এটি প্রথমে চালনা অ্যাঙ্কর পরবর্তীতে ১৯৭৮ সালে ‘চালনা বন্দর কর্তৃপক্ষ (পিসিএ) এবং সর্বশেষ ১৯৮৬ সাল থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) হিসাবে যাত্রা শুরু করে। খুলনার খালিশপুর ও বাগেরহাটের মোংলায় বন্দরটির বিভিন্ন স্থাপনা রয়েছে। খুলনায় বন্দরটির একটি জেটি রয়েছে যা সাবেক আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট এর নামে, রুজভেল্ট জেটি। অতীতের লোকসান কাটিয়ে বন্দরটি এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।