আজ বসছে সংসদের বাজেট অধিবেশন
করোনাভাইরাসের সংক্রমণের চলমান পরিস্থিতির মধ্যেই আজ (বুধবার) বসছে সংসদের বাজেট অধিবেশন । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পাঁচটায় শুরু হবে এই বৈঠক। এই অধিবেশনেই কাল (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে এবার সীমিত পরিসরে চলবে অধিবেশনের কার্যক্রম। সংসদ সচিবালয় থেকে এসএমএসের মাধ্যমে যাদের ডাকা হবে, শুধু তারাই অধিবেশনে যোগ দেবেন। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে সুস্থ হওয়া এমপিদেরও অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।
বাজেট পেশের দিন কোনো অতিথি ও সাংবাদিকদেরও এবার আমন্ত্রণ জানানো হবে না। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। অধিবেশন চলাকালে কক্ষের স্বাস্থ্য নিরাপত্তায়ও বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে সাময়িকভাবে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হচ্ছে।
অধিবেশন শুরুর দিন বুধবার অধ্যাদেশ উত্থাপন এবং শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হবে। সম্প্রতি মারা গেছেন ঢাকা- ৫ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা । তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে। পরদিন ১১ জুন বৃহস্পতিবার বিকাল তিনটায় অধিবেশন শুরু হবে। বাজেট পেশ ও অর্থ বিল উত্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ দিনের কার্যক্রম।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে যাতে বসতে পারেন, সেজন্য ৮০-৯০ জন সংসদ সদস্য নিয়ে প্রতিদিন সংসদ চালানো হবে।
বৃহস্পতিবার ১১ জুন বাজেট উপস্থাপনের আগে সংসদে হবে মন্ত্রিসভার বৈঠক। বাজেট অনুমোদনের পর তা পাঠানো হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তখন সংসদ ভবনেই অবস্থান করবেন। পরে রাষ্ট্রপতির গ্যালারিতে বসে অধিবেশন দেখবেন তিনি।