আজ বিশ্ব ভেগান দিবস
আজ ১লা নভেম্বর বিশ্ব ভেগান দিবস। দেড় যুগেরও বেশি সময় ধরে নভেম্বর মাসের ১ তারিখে পালিত হয়ে আসছে দিবসটি। মূলত সারাবিশ্বের সব নিরামিষভোজীদের জন্য এক বার্ষিক উদযাপন।
১৯৯৪ সালে যুক্তরাজ্যে অবস্থিত দ্য ভেগান সোসাইটির প্রেসিডেন্ট লুইস ওয়ালিস এই দিবসটির প্রবর্তন করেন। ভেগান সোসাইটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই মূলত দিনটির প্রবর্তন হলেও পরবর্তীতে তা সারাবিশ্বের ভেজিটেরিয়ানদের জন্যই এক তাৎপর্যপূর্ণ দিনে পরিণত হয়।
যদিও অনেক আগ থেকেই পহেলা অক্টোবর পালন করা হয় ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে বা বিশ্ব নিরামিষ দিবস। নর্থ আমেরিকান ভেজিটেরিয়ান সোসাইটি ১৯৭৭ সাল থেকে অক্টোবরের ১ তারিখ ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে হিসেবে পালন করে আসছিল। ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে মূলত পুরো অক্টোবর মাস জুড়েই পালিত হয় নিরামিষ খাওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে। এর কার্যক্রম শেষ হয় নভেম্বরের ১ তারিখ ওয়ার্ল্ড ভেগান ডে তে এসে।
আমাদের লাইফস্টাইল দিনে দিনে এমন হচ্ছে যে- ফাস্ট ফুড ও চর্বিযুক্ত খাবারের দিকে আমরা খুব বেশি ঝুঁকে পড়ছি। ফলে হৃদরোগ, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হতে হচ্ছে। তবে একটু সচেতন হলেই নিজেকে রক্ষা করা সম্ভব। তাই সুস্থ জীবন পেতে খাদ্যাভাসে আনতে হবে পরিবর্তন, হতে হবে খাদ্য সচেতন। এ ক্ষেত্রে ভেজিটেরিয়ান বা নিরামিষ ভোজী হলে দীর্ঘদিন রোগহীন থাকা সম্ভব। আর এই সূত্র লুফে নিয়েছেন বিশ্বের অসংখ্য মানুষ। অনেকেই খাদ্যাভাসে পরিবর্তন এনে হয়েগেছেন ভেগান।