শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আইসিইউতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ১০ করোনা রোগীর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 20 ডিসেম্বর 2020, 12:17 দুপুর • 250 বার পঠিত
আইসিইউতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ১০ করোনা রোগীর মৃত্যু

তুরস্কে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এই ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। মৃত ব্যক্তিরা সব এই ইউনিটে চিকিৎসা নেয়া করোনা রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু বলেছে, সিরিয়া সীমান্ত থেকে প্রায় ৪০ মাইল উত্তরে গাজিয়ানটেপ এলাকায় বেসরকারি সানকো ইউনিভার্সিটি হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। হাসপাতালের একটি বিবৃতিতে বলা হয়েছে, ভিকটিমদের মধ্যে রয়েছেন ৫৬ থেকে ৮৫ বছর বয়সী রোগী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইসিইউয়ের ১৪ জন রোগীকে দ্রুত অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।


এ বিষয়ে তদন্ত চলছে। স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেছেন, এই বিয়োগান্তক ঘটনায় আমার গভীরভাবে বেদনাহত। তার ওই হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। গভর্নরের অফিস থেকে বলা হয়েছে হাসপাতালটির ওই ইউনিটে ১৯ জন রোগী ভর্তি ছিলেন। সেখানে স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে অধিক চাপযুক্ত অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে ওই ইউনিট ছাড়া অন্য ইউনিটে আগুন ছড়াতে পারেনি।