আইওটি ডিভাইস কারখানা স্থাপনে আসছে নির্দেশিকা
টেলিকম ডিভাইস তথা ব্যাটারি-চার্জার-হেডফোন থেকে শুরু করে আইওটি ডিভাইস এবং অ্যাপস ভিত্তিক ডিভাইস তৈরির কারখানা স্থাপনে বিধি-নিষেধ দিয়ে একটি নির্দেশিকা করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
‘মোবাইল ফোন হ্যান্ডসেট ব্যতীত টেলিযোগাযোগ সেবা সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি স্থানীয়ভাবে সংযোজন ও উৎপাদন কারখানা স্থাপন’ সংক্রান্ত নির্দেশিকায় টেলিযোগাযোগ পণ্য বাজারজাতকরণ ও রপ্তানির ক্ষেত্রে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।
বিটিআরসি বলছে, দেশীয় উদ্যোক্তাদের জন্য স্থানীয়ভাবে টেলিযোগাযোগ যন্ত্রপাতি সংযোজন ও উৎপাদনে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ক্রেতা সাধারণের জন্য কম মূল্যে টেলিযোগাযোগ যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সৃষ্টি, অবৈধ আমদানি হ্রাস করার মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধ, কারিগরি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশে কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং টেলিযোগাযোগ যন্ত্রপাতি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা এই নির্দেশিকার উদ্দেশ্য।
বিটিআরসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, টেলিযোগাযোগ সেবার পরিধি বিস্তৃতির সঙ্গে সঙ্গে টেলিকম ডিভাইসের ব্যাপকতাও বৃদ্ধি পাচ্ছে। এজন্য ডিভাইস তৈরির কারখানাও গড়ে ওঠছে। এ লক্ষ্যে খসড়া নির্দেশিকার ওপর মতামত নিয়ে দ্রুতই চূড়ান্ত করা হবে।