আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যাংক গ্রাহকদের টাকা লুট
পুলিশ জানায়, এই চক্র ব্যাংক থেকেই গ্রাহকদের টার্গেট করতো। বড় অঙ্কের টাকা তুললেই নিতো তার পিছু। পথে নির্জন স্থানে র্যাব অথবা ডিবি পরিচয়ে তুলে নিয়ে লুট করে নিতো টাকা।সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ব্যাংক গ্রাহকদের টার্গেট করা চক্রের তিন সদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যাংক থেকে কেউ মোটা অঙ্কের টাকা তুলছেন কিনা তা পর্যবেক্ষণ করতে ভেতরে ঘোরাফেরা করে একজন। ঠিক করেন টার্গেট।
তারই অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের একটি ব্যাংকের ভেতর প্রবেশ করে একজন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে বের হয়ে আরেকটি ব্যাংকে যায় সে। ওই ব্যাংকে গিয়ে দেখতে পায় একজন ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করছেন। এরপর ব্যাংক থেকেই নেয়া হয় তার পিছু।
কিছু দূর যাওয়ার পর চক্রের আরেক সদস্যকে জানিয়ে দেয়া হয় কোন রাস্তা বা কোন ধরনের যান ব্যবহার করে যাচ্ছেন টাকা উত্তোলনকারী ব্যক্তি। এরপর পিছু নেয় চক্রের বাকি সদস্যরা। নির্জন জায়গা দেখে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে নিজেদের গাড়িতে উঠিয়ে নেয়া হয় ব্যক্তিটিকে। নিয়ে যাওয়া হয় দূরে কোথাও। এরপর টাকা রেখে নামিয়ে দেয়া হয় টাকা উত্তোলনকারীকে। সম্প্রতি এই চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর উঠে আসে এ চিত্র।
পুলিশ বলছে, ২৪০ টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে গ্রেফতার করা হয়েছে এই চক্রটিকে। এরা বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করে। এদের একে অপরের সঙ্গে জেলখানায় পরিচয়, সেখানেই তারা পরিকল্পনা করে এই কাজের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা আছে।