আইন-শৃঙ্খলার উন্নয়নে সন্তুষ্ট সরকার, ধান উৎপাদনেও এসেছে সাফল্য
সাধারণ মানুষ চায় বর্তমান অন্তর্বর্তী সরকার যেন আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে—বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আগের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। সাধারণ মানুষ চাচ্ছে, এই সরকার যেন আরও অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।”
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে।”
ভারতের সঙ্গে কোনও যুদ্ধের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
ধান উৎপাদন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “এবার ধানের ফলন ভালো হয়েছে। পতিত জমিকে চাষের আওতায় আনতে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।”
থানা পরিদর্শন শেষে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।