আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে প্রতিরোধ যোদ্ধাদেরকে তাদের ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া নিজেদের বন্দুকের ট্রিগারে আঙুল রাখার জন্য গাজাবাসীর প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
পবিত্র জেরুজালেম শহরের আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদিবাদীদের কয়েকদফা সহিংস হামলার পর হামাসের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হল।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পবিত্র আল-কুদস জেরুজালেম শহরের সমস্ত নারী, পুরুষ ও তরুণদের প্রতি হামাস এই আহবান জানাচ্ছে যে, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এর মাধ্যমে একথা প্রমাণ করে দিন যে, পবিত্র আল-কুদস ফিলিস্তিনিদের হৃদয়ের গভীরে রয়েছে।
হামাস ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইসরায়েলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরও বলেছে, গাজার প্রতিটি প্রতিরোধকামী গ্রুপকে বন্দুকে ট্রিগারে তাদের আঙুল রাখতে হবে এবং ইসরায়েলের শক্তিশালী ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করতে হবে।