শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগেভাগেই বাড়ি ফিরছে মানুষ

মোহাম্মদ খাইরুল আমিন • 26 এপ্রিল 2022, 11:04 দুপুর • 200 বার পঠিত
আগেভাগেই বাড়ি ফিরছে মানুষ

ঈদের এখনো সপ্তাহখানেক বাকি। কিন্তু এর আগেই ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ভোগান্তি এড়াতে হাজার হাজার মানুষ ছুটছেন বাড়ির দিকে। ঈদের ছুটি এখনো শুরু না হলেও তারা ছুটিতে চলে গেছেন। কিন্তু ভোগান্তি থেকে কি আর মুক্তি আছে!

সোমবার সরেজমিন ঘুরে দেখা গেছে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার, শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাটে মানুষের প্রচণ্ড ভিড়। যাত্রীরা পদ্মা পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা কড়া রোদের মধ্যে অপেক্ষা করছেন। ফেরি পেলে ভালো। না পেলে কেউ লঞ্চে উঠছেন। স্পিড বোটে ওঠার মানুষও আছেন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া  কার্যালয়ের সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে দুপর পর্যন্ত ছোট গাড়ির চাপ অনেক বেশি ছিল। তবে বিকেলের দিকে ঘাটে চাপ কমে গেছে।

এখনো মানুষের ঢল নামা বলতে যা বোঝায় তা সৃষ্টি হয়নি। তবে কম মানুষ ছুটছেন না বাড়ির টানে। সন্তানদের নিয়ে খুলনার পথ ধরা একজন পরিবহন বাসের যাত্রী বললেন, ঈদের ছুটির সময় বাসে চাপ অনেক বেশি থাকে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় বলে আগেই সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছেন। 

এরকম অনেকে ঠিক একই রকমের কারণে আগেভাগে বাড়ির পথ ধরেছেন। 

কিন্তু শিমুলিয়া ঘাটে সকাল ১০টার দিকে পৌঁছানো এক পরিবার দুপুর অব্দি ফেরি পায়নি। তাদের আফসোস, ভিড় এড়াতে আগে এসে লাভটা হলো কি! সেই ভোগান্তির মধ্যেই পড়তে হলো।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের একজন যাত্রী জানান, তিনি ঢাকাতে লেখাপড়া করেন। ঈদে বাড়ি ফিরতে যানজটে চরম ভোগান্তি হয় বলে এবার আগে থেকে বাড়ি ফিরছেন। এখনই যে চাপ ঘাটে তা দেখে সিদ্ধান্তটাকে সঠিক মানছেন তিনি।